সংসদ ভবন | বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিড়ির দাম ও বিদ্যমান করহার সম্পূর্ণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে নতুন অর্থবছরে বিড়ির মূল্যে কোনো ধরনের পরিবর্তন আসছে না।
আজ মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।
অধিবেশনে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা জানতে চেয়েছিলেন—আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি, বিশেষ করে বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে অতিরিক্ত কোনো সম্পূরক শুল্ক আরোপ করা হবে কিনা।
সংসদ সদস্যের এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ি খাতের ক্ষেত্রে মূল্য এবং শুল্ক-করহার আগের বছরের ন্যায় হুবহু অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে নতুন অর্থবছরে বিড়ির দাম বৃদ্ধি পাবে না।”
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ জাতীয় বাজেট সংসদে উত্থাপিত হতে যাচ্ছে। অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট পেশ।
এর আগে গত ৭ জুন থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়। এবারের বাজেটে সাধারণ মানুষের সুবিধার্থে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক ও উৎসে কর কমানোর ইঙ্গিত দেওয়া হলেও, বিড়ির মতো তামাকজাত পণ্যের রাজস্ব কাঠামোতে আপাতত কোনো পরিবর্তন না এনে আগের বছরের নিয়মই বহাল রাখছে অর্থ মন্ত্রণালয়।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |